
সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেয়েছেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি কলি হাসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অসহায় পরিবারের মধ্যে চারটি সাবমার্সিবল পাম্প ও একটি আধাপাকা টিনশেড ঘর হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈয়িদ মুহাম্মদ। প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিলাদ আহমদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জীবন আহমেদ, ওয়ালী হাসান কলি, সালেহ আহমেদ আবিদ, হাফেজ বজলুর রহমান ও মামুনুর রশিদ সাহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমেদ। সার্বিক পরিচালনায় ছিলেন মো. আমিনুর রহমান আল আমিন ও মো. তোফাজ্জেল মিয়া।
আয়োজকেরা জানান, সমাজসেবা, মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে কলি হাসানকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে কলি হাসান বলেন, এ স্বীকৃতি তাকে অনুপ্রেরণা জোগাবে। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এ সম্মাননা দুর্গাপুরের সাংবাদিক সমাজের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের নানা অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।