ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যশোরে বিজিবির টহল জোরদার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যশোরে বিজিবির টহল জোরদার

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর জেলার সীমান্ত এলাকাসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এসব পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতোমধ্যে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে পূজা শুরুর আগেই মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ৪৯ বিজিবি।

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা এসব সদস্য মোট ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে পূজামণ্ডপগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এপিসি প্লাটুন ও বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, পূজামণ্ডপ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ তিনি বেনাপোলের হরিদাস ঠাকুরের পাটবাড়ী ও পেচর বাঙ্গুর দুটি মন্দির পরিদর্শন করেন।

তিনি আরও জানান, পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।

যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা সামনে রেখে সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বৃদ্ধি করা হয়েছে।

টহল জোরদার,যশোর বিজিবি,দুর্গাপূজা নির্বিঘ্ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত