ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের মর্তুজ আলী হালদারের ছেলে বাচ্চু হাওলাদার (৪৩) এবং সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির শাহাদত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৩)।

বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন পৃথক মামলায় এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২০ সালের ১১ নভেম্বর র‍্যাব-১২-এর একটি দল সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

দুজনের যাবজ্জীবন,পৃথক মাদক মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত