ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পৃথকভাবে এসব এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।

অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বা ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করেছে। ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও নয়টি পূজামণ্ডপ রয়েছে।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি মোতায়েন,৩১ প্লাটুন,দুর্গাপূজার নিরাপত্তা,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত