
রংপুরে অভিযান চালিয়ে ২৬টি মামলার আসামি ও চাঁদাবাজির একাধিক মামলার অভিযুক্ত রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-১৩-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে মেরিল সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের ছেলে।
তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৬টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মেরিল সুমনকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে এবং ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানায়, সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর ও ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সংস্থাটির দাবি, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং বালুমহাল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে মেরিল সুমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।