ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রিমান্ডে পাওয়া তথ্যে রংপুরে আরও ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার

রিমান্ডে পাওয়া তথ্যে রংপুরে আরও ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার

রংপুর নগরীতে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর চোর চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেপ্তার যুবকের নাম মো. রাসেল মিয়া (২৬)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রংপুর নগরীর দর্শনা আলহাজনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী তাজহাট থানায় মামলা করেন। পরে তদন্তে নামে পুলিশ।

তদন্তের একপর্যায়ে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার এবং পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে ওই আসামিদের তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চোর চক্রের বাকি সদস্য ও চোরাই যানবাহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পীরগঞ্জের শানেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও মোটরসাইকেল চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মোটরসাইকেল উদ্ধার,রংপুর,রিমান্ডে পাওয়া তথ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত