
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তার স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আলমডাঙ্গা থানা-পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুপাড়া এলাকার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে সুষম কাওনাইন ও তার স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক), ৪০ ও ৪১ ধারায় করা হয়েছে। এ ছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়। মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।