ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রংপুরে স্ত্রী শান্তনা রানীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী রতন চন্দ্র সরকারকে (৩৪) গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (এসআরবি)। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি রতন চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া হাজীপাড়ার মিথুন চন্দ্র সরকারের ছেলে।

মুহম্মদ মনিরুজ্জামান জানান, মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২১ জুলাই গঙ্গাচড়া মডেল থানা পুলিশ শান্তনা রানীর মৃত্যুর খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

তিনি আরও জানান, চলতি বছরের ৩ জুলাই পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে শান্তনা রানীকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় নিহতের বাবা মামলা করতে রাজি না হওয়ায় গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসাহাক আলী গত ১৫ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে তিনি জানান, যৌতুকের দাবিতে রতন চন্দ্র সরকার বিভিন্ন সময়ে তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২১ জুলাই শান্তনা রানীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার রতন চন্দ্র সরকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-১৩-এর সহকারী পরিচালক।

স্বামী গ্রেপ্তার,স্ত্রীকে হত্যার অভিযোগ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত