ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, ব্যবসায়ীকে জরিমানা

রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর অভিযোগে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দ করা ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বড় বাজারের ফল ও মাংসের বাজারসহ বিভিন্ন দোকানে বিশেষ তদারকি অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্ত্র সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাথাভাঙ্গা ব্রিজ-সংলগ্ন ফলপট্টির ‘টুকু ফল ভান্ডার’-এর মালিক মো. টুকু মিয়াকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে উপস্থিত সব ফল ব্যবসায়ীকে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে ফলের বাজারের পাশাপাশি বড় বাজারের মাংসের দোকানগুলোও পরিদর্শন করা হয়। এ সময় মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস বিক্রি এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্যবসায়ীকে জরিমানা,কদবেল পাকানো,রাসায়নিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত