
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি জাহিদুল ইসলামকে (৩৯) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাশের তাড়াশ উপজেলার পশ্চিম পাইকড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় হত্যা মামলার আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, রায়গঞ্জ থানায় কছিমুদ্দিন হত্যা মামলাটি ২০২৪ সালের ৩ জুলাই ২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। দণ্ডবিধির ৩০২/৩৯৪/৩৪ ধারায় দায়ের করা এ মামলার তদন্তে জাহিদুল ইসলামের নাম উঠে আসে।
এ ছাড়া মামলায় গ্রেপ্তার হওয়া অপর এক আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তার নাম উল্লেখ রয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।