
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাশিয়া থেকে আকাশপথে ঢাকায় আনার পর বিকল্প পথে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানির পঞ্চম চালান। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। পদ্মা সেতু ও কুষ্টিয়া হয়ে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় জ্বালানিবাহী গাড়িবহর প্রকল্প এলাকায় পৌঁছায়। পরিবহনের সময় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়।
এত দিন ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্পে পৌঁছাত। তবে এবারই প্রথম বিকল্প পথে পদ্মা সেতু ও কুষ্টিয়া হয়ে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হলো।