ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় রংপুরে সিটি ম্যারাথন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় রংপুরে সিটি ম্যারাথন

‘সপ্তাহে তিন দিন, জমা পানি ফেলে দিন’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সিটি ম্যারাথন।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৬টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ম্যারাথনের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী।

বিউটিফুল রংপুর ফাউন্ডেশন ও রূপান্তর যুব সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ ম্যারাথনে নগরীর শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক রানার অংশ নেন। নগরীর পাঁচ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে এসে ম্যারাথনটি শেষ হয়।

শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান অংশগ্রহণকারীরা। পরে ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন বিউটিফুল রংপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুন্তাসির পারভেজ অংকুর, রূপান্তর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার নাফিসসহ অন্যরা।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর থেকে রংপুর সিটি করপোরেশন পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করছে। এরই অংশ হিসেবে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ম্যারাথনের মাধ্যমে নগরবাসীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ম্যারাথনের মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখা সম্ভব। প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। তাই বছরব্যাপী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সিটি ম্যারাথন,রংপুর,ডেঙ্গু প্রতিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত