ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রূপপুরের জরুরি প্রস্তুতি মূল্যায়নে আইএইএর ১০ সদস্যের দল

রূপপুরের জরুরি প্রস্তুতি মূল্যায়নে আইএইএর ১০ সদস্যের দল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত প্রস্তুতির মধ্যে জরুরি সাড়াদান ব্যবস্থা মূল্যায়নে বাংলাদেশ সফর করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ সদস্যের বিশেষজ্ঞ দল।

মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে গত রোববার থেকে দলটি ১০ দিনব্যাপী পর্যালোচনা কার্যক্রম শুরু করেছে।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ জরুরি প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদলটি। পাশাপাশি রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করে মাঠপর্যায়ের প্রস্তুতি ও অগ্রগতি মূল্যায়ন করবে দলটি।

ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) প্রধান কার্যালয়ে পর্যালোচনা কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে রূপপুরে সর্বোচ্চ নিরাপত্তা ও জরুরি সাড়াদান ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিশেষজ্ঞ দলটির পর্যালোচনার মাধ্যমে দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

বিএইআরএ চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, পারমাণবিক দুর্ঘটনায় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী প্রস্তুতি নেওয়া জরুরি। তবে বিদ্যুৎকেন্দ্রের বাইরের এলাকায় জরুরি প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশ এখনো কিছুটা পিছিয়ে রয়েছে বলে স্বীকার করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, কেন্দ্র চালুর আগে আশপাশের মানুষের নিরাপত্তায় সুনির্দিষ্ট অপসারণ পরিকল্পনা, জরুরি যানবাহন, তেজস্ক্রিয়তায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জানান, রূপপুর প্রকল্পের ভেতরে কর্মীদের নিরাপত্তায় তিনটি জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব কেন্দ্রে একসঙ্গে ২ হাজার ৪০০ কর্মী আশ্রয় নিতে পারবেন। জরুরি চলাচলের সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। এ বিষয়ে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

১০ সদস্যের দল,আইএই,রূপপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত