
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক নেতারা বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এখনো পলাতক ফ্যাসিস্টদের জন্য স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনো অবস্থাতেই বিনষ্ট হতে দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করবে ছাত্রদল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।