
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানকেও যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রথম শিক্ষকের বরখাস্তের বিষয়টি জানানো হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী ৯ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত ৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে প্রাথমিকভাবে অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর বিদ্যালয়ের টিফিনের সময় ওই শিক্ষার্থীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের লাইব্রেরিতে নিয়ে শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন। এ ঘটনায় শিশুটির মা ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পাল এর আগে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, অভিযোগটি সঠিক নয়। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তিনি তা থেকে অব্যাহতি পেয়েছেন।
এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও আগে উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম এর আগে বলেছিলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশুর নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
অন্যদিকে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধেও একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও বিরূপ পরিস্থিতি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরি আইন ও বিধিমালা অনুযায়ী তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান জানান, তারা দুটি অভিযোগ পেয়েছিলেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশের মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, অভিযোগগুলো প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে প্রশাসন যেকোনো অপরাধের বিষয়ে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
শিক্ষক দুজনকে সাময়িক বরখাস্তের আদেশ জারির পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।