
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ লিপি খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার লিপি খাতুন একই উপজেলার রাণীপুরা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে তামাই গ্রামের একটি ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লিপি খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরে বিশেষ কায়দায় রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই দুলাল চন্দ্র আরও জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় এক সপ্তাহ আগে তারা তামাই গ্রামের ওই বাড়িটি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে অভিযানের সময় লিপি খাতুনের স্বামী বাড়িতে ছিলেন না। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে গ্রেপ্তার লিপি খাতুন আলোকিত বাংলাদেশকে বলেন, মাদকাসক্ত স্বামীর প্ররোচনায় তিনি এ অবৈধ ব্যবসায় জড়িয়েছেন। তার চারটি শিশুসন্তান রয়েছে। তাদের রেখে তাকে কারাগারে যেতে হচ্ছে। মামলা থেকে মুক্তি পেলে আর কখনো এ অবৈধ ব্যবসায় জড়াবেন না বলে জানান তিনি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে দোয়া চান লিপি খাতুন।