
সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সদর উপজেলার সয়দাবাদ মধ্যপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী আশিক হোসেন (৩৯), কড্ডা কৃষ্ণপুর গ্রামের ছাত্রলীগ কর্মী ইমরুল কায়েস (১৯) এবং সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা (৫০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ওই তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সলঙ্গা থানার ওসি আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সলঙ্গা থানার নাইমুড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা রয়েছে।