
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য গ্রিন সিটিতে রয়েছে ২১টি বহুতল ভবনের ২ হাজার ১৬টি ফ্ল্যাট। বর্তমানে এসব ফ্ল্যাটে প্রায় সাড়ে চার হাজার দেশি-বিদেশি কর্মকর্তা বসবাস করছেন। তবে বিদ্যুৎকেন্দ্র চালু হলে অধিকাংশ রুশ নাগরিক দেশে ফিরে যাবেন। তখন কেন্দ্রের মোট জনবল দাঁড়াবে প্রায় দুই হাজার। ফলে বিদ্যমান আবাসনেই সবার থাকার ব্যবস্থা হওয়ার পরও অন্তত এক হাজার ফ্ল্যাট খালি পড়ে থাকার আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন করে ৩১৮ কোটি টাকা ব্যয়ে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
পরিকল্পনা অনুযায়ী, প্রকল্প এলাকায় চারটি নতুন বহুতল ভবন নির্মাণ, একটি ভবন সম্প্রসারণ এবং একটি পরিবেশ পর্যবেক্ষণ পরীক্ষাগারসহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তর এসব নির্মাণকাজ বাস্তবায়ন করবে। এরই মধ্যে স্থাপত্য অধিদপ্তর নকশা তৈরির কাজ শুরু করেছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নকশা চূড়ান্ত করে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রিন সিটির ২১টি ভবনে মোট ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের আয়তন ৮৫০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুট। রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) জনবল প্রায় ১ হাজার ৭৫০ জন। এর সঙ্গে কেন্দ্র পরিচালনায় নিয়োজিত ২৫০ থেকে ৩০০ জন রুশ নাগরিক যোগ হলেও মোট জনবল হবে প্রায় দুই হাজার। ফলে বিদ্যমান আবাসনেই সবার থাকার ব্যবস্থা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন নির্মাণ পরিকল্পনায় রয়েছে ১৬ তলা একটি আবাসিক ভবন, ১২ তলা ডরমিটরি, ১০ তলা নিরাপত্তা ব্যারাক এবং বিদ্যমান ১৬ তলা ব্যাচেলর ডরমিটরি সম্প্রসারণ করে ২০ তলায় উন্নীত করা। এ ছাড়া পরিবেশ পর্যবেক্ষণের জন্য নতুন পরীক্ষাগার, স্টেশন ডিরেক্টরের আবাসিক ভবন ও একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তবে এসব স্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকল্পসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। তাদের মতে, প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে অধিকাংশ রুশ নাগরিক দেশে ফিরে যাবেন। এমন অবস্থায় নতুন করে এত আবাসন নির্মাণের যৌক্তিকতা নেই। বিশেষ করে নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় ১০ তলা নিরাপত্তা ব্যারাক নির্মাণ নিয়েও প্রশ্ন রয়েছে। একইভাবে বিদ্যুৎকেন্দ্র এলাকায় আগে থেকেই পরিবেশ পর্যবেক্ষণের পরীক্ষাগার থাকায় নতুন বহুতল ল্যাবরেটরি ভবনের প্রয়োজনীয়তা নিয়েও সংশয় রয়েছে।
পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির জানান, গ্রিন সিটিতে আগের ২১টি আবাসিক ভবন হস্তান্তর করা হয়েছে। এখন সংশোধিত উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ছয়টি ভবন নির্মাণ ও একটি ভবন সম্প্রসারণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩১৮ কোটি টাকা।
এর আগে গ্রিন সিটির নির্মাণকাজ ও সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) বিশেষ নিরীক্ষায় ১০টি বিষয়ে প্রায় ২৯৪ কোটি টাকার আর্থিক অনিয়ম ও সরকারি ক্ষতির তথ্য উঠে এসেছে। বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, লিফট, এয়ারকন্ডিশনারসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের পাশাপাশি পণ্য সরবরাহ না করে বিল পরিশোধ এবং নির্মাণকাজে অতিরিক্ত পরিমাপ দেখানোর মতো অনিয়মও ধরা পড়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের (রুটিন দায়িত্ব) এম মঈনুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে রূপপুর প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন বলেন, যৌক্তিকতা বিবেচনা করেই এসব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো স্থাপনাই অব্যবহৃত থাকবে না।
তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ঢাকার বাইরে অনেক সরকারি আবাসিক ভবন বেশি ভাড়ার কারণে খালি পড়ে থাকে। চাহিদার অতিরিক্ত ভবন নির্মাণ বড় ধরনের অপচয়। এ ধরনের অযৌক্তিক ব্যয় বন্ধ করা উচিত।
এনপিসিবিএলের কয়েকজন কর্মকর্তাও জানান, গ্রিন সিটিতে থাকার ক্ষেত্রে বেতন থেকে যে পরিমাণ বাড়িভাড়া কাটা হয়, তার চেয়ে কম খরচে বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। এ কারণে অনেক কর্মকর্তা সেখানে থাকতে আগ্রহী নন। ফলে নতুন ভবন নির্মাণের পর সেগুলোও অব্যবহৃত থাকার আশঙ্কা রয়েছে।