
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা কদমতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরিকুল ইসলাম উপজেলার চিৎলা গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে।
তিনি দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর প্রধান সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চিৎলা কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তরিকুল ইসলাম উপজেলা ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।