ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মদনে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

মদনে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত নির্দেশ দিয়েছেন, ভুক্তভোগী শিশু ও তার জন্ম দেওয়া নবজাতক মায়ের সঙ্গেই থাকবে। নবজাতকের বিয়ে হওয়া পর্যন্ত তার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তবে রাষ্ট্র চাইলে দণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুটির ভরণপোষণের খরচ মেটাতে পারবে।

এ ছাড়া আদালত জানিয়েছেন, জন্ম নেওয়া নবজাতক তার প্রাতিষ্ঠানিক ও সরকারি নথিপত্রে পিতা হিসেবে আসামি সাগরের নাম ব্যবহার করতে পারবে।

সংক্ষিপ্ত রায় পাঠকালে বিচারক মো. আব্দুছ সালাম হাইকোর্টের একটি পূর্ববর্তী পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি। ওই পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে বিচারক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত।

চাঞ্চল্যকর এ মামলায় মাত্র ৯ কার্যদিবসে এবং সার্বিকভাবে ৬০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল কবির রুবেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনিসুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর তার ১২ বছর বয়সী এক ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ভীতির কারণে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে। পরে তার শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের সদস্যরা। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

পরবর্তীতে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়।

এরপর গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়।

আদালতের নির্দেশে সিআইডির একটি বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এতে নবজাতকের পিতৃত্বের বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির সময় আসামি তার ১২ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মুক্তির আকুতি জানান। তবে আদালত তার সেই আবেদন নাকচ করে দেন।

বুধবারের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডের আদেশ এবং নবজাতকের পিতৃত্বের আইনি স্বীকৃতির মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পর্ব শেষ হলো।

শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড,ধর্ষণ মামলা,মাদ্রাসাছাত্রী,মদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত