
ভুয়া অ্যানেসথেসিয়া চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অপারেশন, ভুয়া টেস্ট রিপোর্টসহ নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের ঘিওর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ঘিওর আধুনিক হাসপাতালে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড না থাকা, নরমাল ডেলিভারি রুম না থাকা, অপারেশন থিয়েটারের (ওটি) নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূত পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন অব্যবস্থাপনা পাওয়া যায়। এসব অনিয়মের কারণে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে গত ২৯ অক্টোবর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ঘিওর আধুনিক হাসপাতালে ভুয়া অ্যানেসথেসিয়া চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অপারেশন করানোর অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হাসপাতালটির চিকিৎসাসেবা ও অপারেশন কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করে।
অনুসন্ধান চলাকালে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নিজেকে সাংবাদিক ও একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি নিজেকে ঘিওর প্রেসক্লাবের সদস্য দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এ বিষয়ে ঘিওর প্রেসক্লাবের সভাপতি মহসীন খান হিরা বলেন, সাব্বির ঘিওর প্রেসক্লাবের সদস্য নন। কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে প্রেসক্লাবের নাম ব্যবহার করাও অন্যায়। প্রেসক্লাবের পরিচয় ব্যবহার করে কেউ অনিয়মের দায় এড়াতে পারেন না।
এদিকে একই অভিযানে এভারগ্রীন মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ পাওয়া যায়।
অন্যদিকে ইউনিক মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম বলেন, সিভিল সার্জনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘিওর আধুনিক হাসপাতালে অভিযান চালানো হয়। পরিদর্শনে হাসপাতালটিতে নারী ও পুরুষের পৃথক ওয়ার্ড না থাকা, নরমাল ডেলিভারি রুমের অভাব, অপারেশন থিয়েটারের নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও প্যাথলজি পরীক্ষায় অনিয়মসহ বিভিন্ন অব্যবস্থাপনা পাওয়া গেছে। এসব কারণে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের প্রতিটি মানুষ যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা মেনে নেওয়া হবে না। পাশাপাশি কর্তব্যকালীন সময়ে সরকারি চিকিৎসকদের বেসরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ নেই।