
রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ছোট-বড় ২৩০টি পাথরের টুকরা জব্দ করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে একটি বাড়ি থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া মৌজার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নাজিরদহ গ্রামের মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), রাজিব গ্রামের শাহআলম (৩৮), সদরা তালুক গ্রামের হেকমত আলী (৩৫) ও নিজপাড়া গ্রামের শাহরিয়ার রাকিব (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোস্তফা কামাল হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহআলম যুবলীগের ওয়ার্ড সহসভাপতি এবং হেকমত আলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় অন্য আসামিরা পালিয়ে যান।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় মামলা করা হয়েছে। ১২ নভেম্বর মামলাটি ০৮ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়।