ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা সহায়তা

শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা সহায়তা

প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানে অতিথি আপ্যায়নে অর্থ ব্যয় না করে সেই অর্থ মানুষের কল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী ও নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর পরিবার। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয়টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী শহরের দেবাহুতি চক্রবর্তীর বাসভবন ‘আনন্দ কুটিরে’ এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত বিশিষ্টজনেরা তাঁর বর্ণাঢ্য জীবন, কর্ম ও মানবিক অবদানের স্মৃতিচারণ করেন।

সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা, রাজবাড়ী ক্যান্সার সোসাইটি, আবোল তাবোল শিশু সংগঠন, বিবেকানন্দ পল্লী বিদ্যালয়, বড়পুল জামে মসজিদ ও হরিতলা মন্দির। এ ছাড়া ব্যক্তিগত চিকিৎসার জন্য জেমস হালদার নামে একজনকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, রাজবাড়ী নাগরিক কমিটির সম্পাদক ফকির সাহাদৎ হোসেন, রাজবাড়ী কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অ্যাডভোকেট নাজমা সুলতানা ও শায়লা চৌধুরী নেওয়াজসহ তাঁর বহু শুভাকাঙ্ক্ষী।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন দেবাহুতি চক্রবর্তীর ভাই ভাস্কর চক্রবর্তী ও ছোট ভাই ধূর্জটি চক্রবর্তী, ভাইয়ের স্ত্রী অমিতা চক্রবর্তী এবং বোন বন্দনা চক্রবর্তী, ঈশানী চক্রবর্তী ও চিন্ময়ী চক্রবর্তী।

পরিবারের সদস্যরা বলেন, দিদি সব সময় মানুষের কথা ভাবতেন। কীভাবে মানুষের উপকার করা যায়, সেই চিন্তাই ছিল তাঁর কাজের মূল প্রেরণা। তিনি যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তাঁর সেই মানবিক চিন্তা ও আদর্শের প্রতি সম্মান জানাতেই পরিবারের পক্ষ থেকে এই সামান্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্রে বলা হয়, দেবাহুতি চক্রবর্তী ছিলেন সাহসী, সত্যনিষ্ঠ, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবদরদি চিন্তা-চেতনার অধিকারী। তাঁর বহুমুখী কর্ম ও জীবনদর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচলিত পারলৌকিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে অর্থসহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবাহুতি চক্রবর্তী মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ একটি মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

দেবাহুতি চক্রবর্তী ছিলেন রাজবাড়ী জেলার প্রথম নারী আইনজীবী। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা এবং রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। শিশুদের সৃজনশীল বিকাশে প্রতিষ্ঠা করেন আবোল তাবোল শিশু সংগঠন। ক্যানসার আক্রান্ত রোগীদের পরামর্শ ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠা করেন রাজবাড়ী ক্যান্সার সোসাইটি। তাঁর জীবন ও কর্মের মধ্য দিয়ে রাজবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি।

৩ লাখ টাকা সহায়তা,সাত ব্যক্তি-প্রতিষ্ঠান,শ্রাদ্ধের অর্থ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত