
রংপুরে যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনটি অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এসআরবি-১৩-এর সদর কোম্পানি, রংপুরের একটি দল অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র, রংপুরের প্রতিনিধিরা অংশ নেন।
যৌথ অভিযানিক দলটি রংপুর জেলার পীরগঞ্জ থানার কাঞ্চনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া ও জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটি ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ ও মার্কারি-সমৃদ্ধ কয়লা ব্যবহার এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এসএফবি ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অবৈধ ও অনুমতিবিহীন ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এএসবি ব্রিকস এবং এমইউএম ব্রিকসের তিনটি চিমনি ধ্বংস করা হয়।
সাম্প্রতিক সময়ে রংপুর জেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ ও মার্কারি-সমৃদ্ধ কয়লার ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। এসব তথ্যের সত্যতা যাচাই, অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং এ ধরনের কর্মকাণ্ডের প্রসার রোধে এসআরবি-১৩ গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।
এ ছাড়া অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।