
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এসময় গ্রেফতার ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ওসব আসামিকে ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পিছু হটে পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
থানার ভেতরে আগুন দেওয়ার ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর চালাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগানও দেন।
আবা/এসআর/২৬