ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ৪ হাজার ২৫০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

ঈশ্বরদীতে ৪ হাজার ২৫০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

পাবনার ঈশ্বরদীতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, মসুর ও খেসারির বীজ বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের মধ্যে ঈশ্বরদী পৌরসভার ৩৩০ জন, সাঁড়া ইউনিয়নের ৪১০ জন, পাকশীর ৪৯০ জন, মুলাডুলির ১ হাজার ১০০ জন, দাশুড়িয়ার ৮৩০ জন, ছলিমপুরের ২৯০ জন, সাহাপুরের ৩২০ জন এবং লক্ষ্মীকুন্ডার ৪৮০ জন কৃষক রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, প্রত্যেক কৃষককে ফসলভেদে ১ কেজি সরিষা, ১০ কেজি চিনাবাদাম, ৫ কেজি মসুর অথবা ৮ কেজি খেসারির বীজ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ডু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাসিব আহমেদ খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে সার-বীজ,৪ হাজার ২৫০ কৃষক,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত