ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে শিশু নুহা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

নোয়াখালীতে শিশু নুহা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

হত্যাকাণ্ডের আট দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’ (৫ নম্বর ছয়ানী, বেগমগঞ্জ ও ১ নম্বর চর মটুয়া, সদর) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।

এর আগে, গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে। এরপর নিহত নুহার মা মৌসুমি আক্তারকে বাদী করে হত্যা মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনেরা প্রথম দিন থেকেই ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে। বক্তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, চরমুটুয়া ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় ব্যক্তিরা।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

স্মারকলিপি,মানববন্ধন,বিচার দাবি,শিশু নুহা হত্যা,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত