
রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে রংপুর নগরীর অভিজাত এলাকা পর্যটনপাড়ায় প্রথম বাসটিতে আগুন দেওয়া হয়। দ্বিতীয় বাসটিতে দুপুর ২টার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে আগুন দেওয়া হয়।
পুলিশ জানায়, পর্যটন মোটেলের উল্টো দিকে লুবনাস ক্যাডেট কোচিংয়ের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে মিনিবাসটির ভেতরে-বাইরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।
এ বিষয়ে বাসটির মালিক ও লুবনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক মাসুদ জানান, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি জানাতে পারেননি।
ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই দীর্ঘ সময় কাটিয়েছেন। অথচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, দুপুর ২টার দিকে আর কে রোডের আধা মাইল দূরে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে পাইকারি মাছের আড়তের কাছে একটি গ্যারেজে দাঁড় করিয়ে রাখা হৃদয় তাসিন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটিও পুড়ে ভস্মীভূত হয়। কারা বাস দুটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।