ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে ফেরানোর পরিকল্পনা, আটক ২

পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে ফেরানোর পরিকল্পনা, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন-কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মো. বারি (৪২)। তাদের বিরুদ্ধে সীমান্তে মানব পাচার, চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধীন খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. মন্টু লাল ও নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলামকে এবং ললিতের মোড় থেকে মো. বারিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, অভিযানের পর আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আটক ২,স্বেচ্ছাসেবক লীগ নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত