ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তাদের নিয়ে সিটি ব্যাংকের সেমিনার

মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তাদের নিয়ে সিটি ব্যাংকের সেমিনার

তরুণ উদ্যোক্তাদের স্বপ্নপূরণে নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি সম্পর্কে জানাতে মুন্সীগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের দরবার পার্টি প্যালেসে সিটি ব্যাংকের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিকে এগিয়ে নিতে আয়োজিত এ সেমিনারে তরুণ উদ্যোক্তাদের জন্য কর্মসূচির লক্ষ্য, কার্যক্রম, সুযোগ-সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের এ কর্মসূচির আওতায় বিভিন্ন সুযোগ গ্রহণের বিষয়ে ধারণা দেওয়া হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কটি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ব্যাংকঋণের অংশ বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য।

এ ছাড়া উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

কর্মসূচির আওতায় সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলার—আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ঈশ্বর, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর—উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন, আবেদনগুলো একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করবে।

আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংকগুলো নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঋণের আবেদন যাচাই-বাছাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণের ব্যবস্থা করবে।

লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব বিশেষায়িত ঋণ সুবিধা চালুর মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সিটি ব্যাংক।

সিটি ব্যাংকের সেমিনার,তরুণ উদ্যোক্তা,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত