
খুলনায় পরিত্যক্ত বাসে অগ্নিসংযোগসহ নাশকতার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন কৌশিক ও ইয়াছিন। তাদের বাড়ি বটিয়াঘাটা এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা প্রতিরোধে দলের নেতাকর্মীরা সারা রাত নগরীর বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হন। এ সময় আটক দুই যুবকের সঙ্গে আরও দুজন ছিলেন। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা চয়নও ছিলেন বলে দাবি করেন তিনি।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চয়নকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। তবে কৌশিক ও ইয়াছিনকে আটক করা হয়।
মন্টুর দাবি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ওই যুবকরা। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলেও জানান তিনি। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, সকালে মোটরসাইকেলে করে তিনি ও জেলা বিএনপির আহ্বায়ক কুদির বটতলায় যান। সেখান থেকে ফেরার পথে তাদের দেখে একটি মোটরসাইকেল থেমে যায় এবং অপরটি একটি গলির মধ্যে চলে যায়।
পরে আটক দুই যুবকের কাছ থেকে জানতে পারেন, বটিয়াঘাটার চয়নের নেতৃত্বে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার চেষ্টা করছিলেন। তবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক দুজনই বটিয়াঘাটা এলাকার বাসিন্দা।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য তারা লবণচরা থানা এলাকার একটি পেট্রোল পাম্পে এসেছিলেন। সন্দেহ হলে বিএনপির নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং নাশকতার অভিযোগের সত্যতা পুলিশ যাচাই করছে।