
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া ৩৫০ জন পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা দেন পর্যটকেরা। পরে দুপুরের দিকে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি থাকায় গত ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকেরা দ্বীপে আটকা পড়েন।
আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শনিবার দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৩৫০ জন ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা দেন। তারা দুপুরের দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান। তবে আটকে পড়া পর্যটকদের অনেকেই এখনো সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের টেকনাফে ফিরিয়ে নিতে পাঁচটি ট্রলার জেটিঘাটে ভিড় করে। এসব ট্রলারে করে প্রায় ৩৫০ জন পর্যটক টেকনাফে ফিরেছেন বলে জানা গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক দিন পর্যটকেরা দ্বীপে আটকা পড়েছিলেন। তাদের মধ্যে অনেকেই দ্বীপ ছাড়তে হোটেল থেকে বেরিয়ে জেটিঘাটে যান। পরে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান। তবে যারা দ্বীপে থাকতে চেয়েছেন, তারা থেকে গেছেন।
তিনি আরও জানান, আগামীকাল কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা ওই জাহাজে করে কক্সবাজারে ফিরবেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।