
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল, যা আজ জাতির কাছে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত, পলাতক, ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্রই করুক না কেন, তারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। একই সঙ্গে দেশকে নতুন করে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে যারা জড়িত, তাদেরও জবাব দেওয়া হবে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। সরকার দেশের জনগণ ও স্বাধীনতার পক্ষে থাকবে। লাল-সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
গোপালগঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পলাতক, পতিত ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-একটি জায়গায় পেট্রোল বোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা মনে করছে, এভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু করা সম্ভব হবে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু বিষয় আগের সরকারের মতো গুম, খুন ও গুলি চালিয়ে নির্মূল করতে চায় না সরকার। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারি অফিস-আদালতের প্রয়োজন নেই কিংবা উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার সেখানে সেসব উদ্যোগ নেবে না। জনগণের চাহিদার ওপরই বিষয়গুলো নির্ভর করবে।
তিনি বলেন, জনগণের কাছে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাযজ্ঞ ও গুমের মাধ্যমে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। নিজেদের জেলা মনে করে দেশের দু-একটি জায়গায় একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আবারও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। নির্বাচনে কোনো দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেওয়ারও সুযোগ নেই। এমনকি ব্যানার-পোস্টারেও কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা ঘোষণা করা হবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে আরও কোনো কর্মসূচি হাতে নেওয়া হলে তা অনুমোদন করা হবে।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের সব জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে স্থানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করলে মানুষ বেশি উপকৃত হবে, সেখানেই এটি নির্মাণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবি চৌধুরী, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।