ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মোটরসাইকেল-টলি সংঘর্ষে কাউখালীতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল-টলি সংঘর্ষে কাউখালীতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের সঙ্গে একটি মালবাহী টলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র ও এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাউখালীর বেকুটিয়া গ্রামের সত্যদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (১৬) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)।

নিহত শান্ত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। সাজিদ কাউখালী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আহত দুজন হলেন কাউখালীর পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দুটি মোটরসাইকেল ও চারজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের সঙ্গে একটি টলি গাড়ির সংঘর্ষের পর চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায়ের মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ জানান, সাজিদ কাউখালী সরকারি কলেজে লেখাপড়া করতেন। তাঁর একটি ছোট ভাই রয়েছে। আর সুনান মাঝী কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। সে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। তবে কয়েক মাস আগে বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়েছে বলে জানা গেছে।

সুনানের দাদা অলি মাঝী জানান, সুনান তার বাবাকে চাপ দিয়ে মোটরসাইকেল কিনতে বাধ্য করেছিল। তার একটি ছোট বোন রয়েছে।

তিন তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। রাতেই মৃত্যুর সংবাদ নিজ নিজ বাড়িতে পৌঁছালে কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। একই দুর্ঘটনায় তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে কাউখালীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

৩ শিক্ষার্থীর মৃত্যু,কাউখালী,মোটরসাইকেল-টলি সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত