
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, ফ্যাসিবাদের চরিত্র পরিবর্তন হয়নি। ৫ জুলাইয়ের আন্দোলনের মতো আগামী দিনেও সব দলের অংশগ্রহণে ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ডায়ালগ শুরু করছেন। ফ্যাসিবাদ অতীতের মতোই থানায় আগুন দিয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে।
তিনি আজ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার রেলগেট থেকে আলীয়াবাড়ি সড়কের পিচঢালাই কাজ শেষে সড়কটি চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে তিনি জিরতলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কায়েসুর রহমান, ওসি শামসুদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, প্রকৌশলী মিনহাজ উদ্দিন, নাসরুল্যাহ মাহমুদ ছাড়াও বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সেলিম চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোস্তফা মিয়া, আহছানউল্লা, বাহার উদ্দিন, দুলাল মিয়া, শহীদ উল্যাহ, মাসুদ মিয়া, ঠিকাদার ইকবাল হোসেন, রুস্তম আলী, মহিউদ্দিন ও আবদুর রহমান বাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।