ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও ফসলের ফলন বাড়াতে সরকারের পক্ষ থেকে ‘কৃষক কার্ড’ প্রদান, বিনামূল্যে সার, বীজ ও আধুনিক কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি এসব প্রণোদনা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের কৃষকরা এ কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ তুষার, আশকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন সরকার, জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে দিনাজপুর পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।

বিতরণ,রাসায়নিক সার,সরিষার বীজ,প্রান্তিক কৃষক,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত