
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ২ নম্বর বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ছনকা এলাকার মৃত সামছুল আলমের ছেলে।
রোববার (২২ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকালে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম (৪০) তার হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখান। পরে বিদ্যালয়ের পুরোনো একটি ভবনে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। একপর্যায়ে মেয়েটি বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে শিক্ষক তাকে ছেড়ে দেন। পরে ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার। তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।