
ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৩৩০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের আওতাধীন মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ-৫০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর গভীর রাতে ছয়ঘরিয়া নামক এলাকায় আনুমানিক রাত ২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল।
এ সময় ৩৩০ বোতল বিক্রয় নিষিদ্ধ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯৯ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।