
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার ব্যর্থতার দায় বিগত আওয়ামী লীগ সরকারের বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি।
তিনি বলেন, ১৯৯৭ সালে চুক্তি সম্পাদনের পর চুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। কিন্তু সেই সময়ে চুক্তির বাকি বিষয়গুলো কেন বাস্তবায়িত হয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মতের পার্থক্য থাকলেও চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি। চুক্তির বাকি বিষয়গুলো বাস্তবায়নেও বর্তমান সরকার আন্তরিক বলে জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। চুক্তির যেসব বিষয় এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।
পার্বত্য অঞ্চলের পর্যটন বিকাশের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের পর্যটনশিল্পের উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ পরিকল্পনায় পাহাড়ের সঙ্গে সাগরের পর্যটন সম্ভাবনাকে যুক্ত করা হবে। এর মাধ্যমে পর্যটকেরা ভ্রমণে এসে যাতে পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন সময় কাটাতে পারেন, সে ধরনের পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাহাড়ের পানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, পানি সংকট নিরসনে স্থানীয় জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞানকে কাজে লাগিয়ে বনাঞ্চল সৃষ্টি করতে হবে। পাশাপাশি পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। কারণ, পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও পানির উৎস সংরক্ষণ অত্যন্ত জরুরি।
এদিকে, মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, পার্বত্য এলাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে খাদ্যশস্যের বরাদ্দ কাগজে-কলমেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এখানে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অদৃশ্য প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপপরিচালক রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী উর্মি চাকমা, পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সেনাবাহিনী ও বিজিবির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।