ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাটখিলে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা

চাটখিলে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, যোগ্য ও দক্ষ মেধাবী নাগরিক গড়ে তোলা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাকঁড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম জসিম উদ্দিন বিশ্বাসের পক্ষে আবদুর রহিম বিশ্বাস এবং চাটখিল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাভলি ইয়াসমিন।

এতে মোহাম্মদপুর ইউনিয়নের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন ফাউন্ডেশনের উপদেষ্টা সিরাজুল ইসলাম হাসান, হামিদুল হক, বেল্লাহ হোসেন মোল্লা, মো. আবদুল মান্নান এবং কেন্দ্রের হল সুপার মোহাম্মদ কামরুল হোসেন। এ সময় স্থানীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের মূল লক্ষ্য—‘শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ’। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় অভিভাবকরা জানান, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা দেওয়া হবে। যোগ্য ও দক্ষ মেধাবী নাগরিক গড়ে তোলার পাশাপাশি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষে আবদুর রহিম বিশ্বাস জানান, আগামী দিনেও তাদের এ শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

মেধাবৃত্তি পরীক্ষা,৮০ শিক্ষার্থী,১৬ শিক্ষাপ্রতিষ্ঠান,চাটখিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত