
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় ৬০ বছরের কম বয়সী ব্যক্তিরা পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
মেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌর প্রশাসক এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নুরনুবীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে অতিথিরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং মেলায় স্থাপিত সর্বজনীন পেনশন-সংক্রান্ত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তাঁরা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।