
চুয়াডাঙ্গার পীরপুর গ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের ঢেরা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলে এবং সেখানে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
তিনি আরও জানান, বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার পুলিশকে জানানো হয়েছে। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।