
বেকার যুবক-যুবনারীদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ফরিদপুরে সাতটি ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এসব কোর্সে মোট ২২৭টি আসন রয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মক্ষম বেকার যুবক-যুবনারীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এসব প্রশিক্ষণে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬।
বুধবার (২৫ নভেম্বর) ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরিচালক এ.এস.এম. মঈনুল আহসানের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণের সাতটি ট্রেড হলো—মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ।
প্রথম ছয়টি কোর্স অনাবাসিক এবং শেষের কোর্সটি আবাসিক। মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের মেয়াদ ছয় মাস। এতে এইচএসসি বা সমমান পাস ৪০ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে। কোর্স ফি ৫০০ টাকা। কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সের মেয়াদও ছয় মাস। এতে এইচএসসি বা সমমান পাস ৫০ জন ভর্তির সুযোগ পাবেন। কোর্স ফি ১ হাজার টাকা।
তিন মাস মেয়াদি পোশাক তৈরি কোর্সে অষ্টম শ্রেণি পাস ২৫ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে। এ কোর্সের ফি ৫০ টাকা। ছয় মাস মেয়াদি ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি কোর্সে আসন রয়েছে ২৪টি এবং কোর্স ফি ৩০০ টাকা।
অন্যদিকে, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণে ৪০ জনকে ভর্তি করা হবে। এ কোর্সে আবেদনের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। কোর্স ফি ১০০ টাকা এবং জামানত হিসেবে আরও ১০০ টাকা দিতে হবে, যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতিটি কোর্সের জন্য পৃথক সাক্ষাৎকারের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম কোর্সের সাক্ষাৎকার ২০ ডিসেম্বর সকাল ১০টায়, পোশাক তৈরি কোর্সের ২১ ডিসেম্বর সকাল ১০টায় এবং দ্বিতীয় কোর্সের ২২ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। একই দিন চতুর্থ কোর্সের সাক্ষাৎকার সকাল ১০টায় এবং পঞ্চম ও ষষ্ঠ কোর্সের সাক্ষাৎকার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সপ্তম কোর্সের সাক্ষাৎকার ২২ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
প্রথম থেকে ষষ্ঠ কোর্সের সাক্ষাৎকার ও মনোনয়ন কার্যক্রম ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে এবং সপ্তম কোর্সের সাক্ষাৎকার ফরিদপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাচনী বোর্ডের সামনে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে [https://ytms.gov.bd](https://ytms.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের ট্রেডে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। প্রশিক্ষণার্থী নির্বাচনে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিশেষ কোটায় ভর্তির সুযোগও রাখা হয়েছে। দলিত জনগোষ্ঠীর (সুইপার, মুচি ও ডোম) যুবকদের জন্য ৪ শতাংশ এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত যুবকদের অধিদপ্তরের সব প্রশিক্ষণ কোর্সে কোর্স ফি ছাড়া ভর্তির সুযোগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম থেকে ষষ্ঠ কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য বাজেট বরাদ্দ সাপেক্ষে সরকারি বিধি অনুযায়ী দৈনিক উপস্থিতির ভিত্তিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পদ্ধতিতে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে যাতায়াত ভাতা দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগকে বেকার যুবক-যুবনারীদের কারিগরি দক্ষতা অর্জন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।