
সিরাজগঞ্জে এসআরবি-১২ ও এসআরবি-১০-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি শিক্ষক রাজিব হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছেন। তিনি উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে।
এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ নভেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী বাজারের অধ্যায়ন কোচিং সেন্টারের সামনে থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মাইক্রোবাসযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান শিক্ষক রাজিব। এ ঘটনার পরদিন অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর গভীর রাতে ফরিদপুরের কোতোয়ালি উপজেলার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে শিক্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার টেপাখেলা বাজার এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার শিক্ষককে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।