ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি-রুপা-মোজাম্মেল

শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি-রুপা-মোজাম্মেল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৭ মে প্রসিকিউশনের পক্ষ থেকে দীপু মনিসহ তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদের হাজিরের জন্য ১৪ মে দিন নির্ধারণ করেন।

সেদিন শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

একই সঙ্গে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে শুরু থেকেই উসকানিমূলক হিসেবে বিভিন্ন প্রচারে উপস্থাপনের অভিযোগ আনা হয়।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আরও ছয় আসামি। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির এবং সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে।

রুপা-মোজাম্মেল,হাজির দীপু মনি,শাপলা চত্বর মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত