ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হয়রানিমূলক প্রমাণিত হলে মামলা প্রত্যাহারে ব্যবস্থা: আইনমন্ত্রী

হয়রানিমূলক প্রমাণিত হলে মামলা প্রত্যাহারে ব্যবস্থা: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, ‘এ ধরনের মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য জেলা পর্যায়ের কমিটির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।’

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ কী এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, এ বিষয়ে কোনও রোডম্যাপ আছে কিনা।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কিনা, জনস্বার্থে মামলা পরিচালনা করা প্রয়োজন কিনা এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কিনা-এসব বিষয় বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটিগুলো।

মন্ত্রী জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

জবাবে আরও বলা হয়, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনও মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আইনমন্ত্রী,প্রত্যাহার,মামলা,প্রমাণিত,হয়রানিমূলক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত