ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা থেকে অপহরণকৃত যুবক দেবহাটায় উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকা থেকে অপহরণকৃত যুবক দেবহাটায় উদ্ধার, গ্রেপ্তার ৩

সাতক্ষীরার দেবহাটায় ঢাকা থেকে প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় অপহরণকৃত যুবককেও উদ্ধার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫)-কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে জিম্মি করা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়ে তার (ওসি) নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করেন।

এসময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয় বলে ওসি জানান। এছাড়া ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, আসামিদের বিরুদ্ধে ৩৬৫, ৩৮৬ ও ৩৪ পেনাল কোড ধারায় মামলা হয়েছে এবং ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

ঢাকা,অপহরণ,দেবহাটা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত