
তেল কম দেওয়ার অভিযোগে গত মাসে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের হিমালয় ফিলিং স্টেশনকে। এক মাস না যেতেই সোমবার (২৩ নভেম্বর) আবারও মোবাইল কোর্টের অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবার ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে কম তেল দেওয়ার পাশাপাশি ফায়ার লাইসেন্স নবায়ন না থাকা এবং ভূগর্ভস্থ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
তবে অভিযানে তেল কম পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া গেছে। এ ছাড়া ফায়ার লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদও শেষ হয়েছে। এসব অনিয়মের কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় জরিমানা করা হয়েছে।
অন্যদিকে স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমানের দাবি, অভিযানে কোনো পাম্পেই তেল কম পাওয়া যায়নি। তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা রয়েছে। ফায়ার লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও চলছে। এরপরও ১ লাখ টাকা জরিমানা করাকে তিনি বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। মিজানুর রহমান আরও বলেন, বিভিন্ন বাজারে অবৈধভাবে পেট্রোল ও ভেজাল জ্বালানি তেল বিক্রি হচ্ছে।