
পাওনা টাকা ফেরত চাওয়ায় রুপভান নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
সোমবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এর আগে, রোববার রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নীলফামারীর জলঢাকা উপজেলার নগভক্ত জসিপাড়া এলাকার মো. জাকির হোসেন (৩৫) এবং তার স্ত্রী মোছা. শিউলি বেগম (৩০)।
নিহত রুপভানকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন গ্রেপ্তারকৃতরা। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেওয়ার কথা বলে রুপভানকে জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নেয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধে করে হত্যার পর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ মার্চ নিহতের ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা জানতে পেরে আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।