
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে কবে আদালতে তোলা হবে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। সময় লাগবে।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন জানান, ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথম স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এ দায়িত্ব পালন করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়।